দেশের বীমা শিল্পের উন্নয়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। ইন্স্যুরেন্স আইন অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থার দেয়া নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। মামলা করে নির্দেশনা স্থগিত করার পথ পরিহার করতে হবে। পাশাপাশি সাধারণ বীমা কোম্পানিগুলোর অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) গঠিত টাক্সফোর্স কমিটির কাজে সার্বিক সহায়তা করতে হবে। কোনো কোম্পানি টাক্সফোর্স কমিটির কাজে বাধা দিলে ওই কোম্পানিকে বিআইএ থেকে তালিকাচ্যুত করা হবে। আজ বুধবার হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২৫তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন সংগঠনটির সভাপতি শেখ কবির হোসেন।
শেখ কবির হোসেন বলেন, বাংলাদেশের ইন্স্যুরেন্স আইন যথাযথ প্রয়োগে নতুন রেগুলেটরী অথরিটি আইডিআরএ বিশেষ ভূমিকা রাখছে। এতে বীমা খাতের বিরাজমান সমস্যার সমাধান হবে। এজন্য কোম্পানিগুলোকে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কবির হোসেন জানান, সম্প্রতি আইডিআরএ একটি কোম্পানিতে অডিট নিয়োগ করে। কিন্তু কোম্পানিটি এর বিরুদ্ধে মামলা করে অডিট স্থগিত করেছে। এটি ঠিক নয়। এ মানসিকতা পরিহার করতে হবে। স্বচ্ছভাবে ব্যবসা করতে হবে।